বিনোদন ডেস্ক »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুর আগে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগ্নে সেতার বাদক ফিরোজ খান।
গণমাধ্যমকে তিনি জানান, ‘বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন শাহাদাত হোসেন খান। ১২ দিন আগে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। এরপর তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।’
জানা গেছে, শাহাদাত হোসেন খানের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, তাঁর মৃত্যুর পর বাংলাদেশে সরোদবাদন সংকটে পড়ল। কেননা, দেশে সরোদের তেমন ওস্তাদ নেই।
১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন কুমিল্লা জেলার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খানও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক। দুই চাচা বাহাদুর হোসেন খান ও সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। ওস্তাদ শাহাদাত হোসেন খানের দুই যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।
সংগীতে অবদানের জন্য শাহাদাত হোসেন ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।
বাংলাধারা/এফএস/ওএস












