২০ মার্চ ২০২৬

করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চট্টগ্রাম শতভাগ প্রস্তুত : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন কোভিড আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নতুন এ ইউনিটটির উদ্বোধন করেন তিনি ।

উদ্বোধনকালে নওফেল বলেন, আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চট্টগ্রাম শতভাগ প্রস্তুত।

এসময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫০০ শয্যার নতুন একটি ইউনিট স্থাপনের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানো হবে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী। উদ্বোধনের পর শিক্ষা উপমন্ত্রী হাসপাতালের আধুনিকায়ন করা ইউনিট সমূহ এবং চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন।

এছাড়া, করোনা ইউনিট উদ্বোধন শেষে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃক আয়োজিত “কোভিড-১৯” ২য় প্রবাহ মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী। কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব।

এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আসফাক আহমেদ, ডাঃ আবুল হোসেন, ডাঃ আব্দুল জলিল, ডাঃ অজয় দাশ, ডাঃ হামিদ উল্লাহ মেহেদী সহ বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন