২০ মার্চ ২০২৬

ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অপব্যাখ্যা দিয়ে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে: নওফেল

বাংলাধারা প্রতিবেদন  »

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর গোল পাহাড় মোড়স্থ শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিম এর ১৬ তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে নওফেল একথা বলেন।

এ শোক ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য জনাব এম আর আজিম। সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও নগর যুবলীগ নেতা নুরুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধী জামায়াত যখন খোলস পাল্টানোর চেষ্টা করছে, তখন জামায়াতীদের অনেকেই হেফাজতের ব্যানারে একত্রিত হচ্ছে। আর হেফাজত এখন বক্তব্য দিচ্ছে জামায়াতী স্টাইলে। একদিকে সরকার কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে হাজার হাজার কওমী শিক্ষার্থীর ভবিষ্যত জীবন নিশ্চিত করার ব্যবস্থা করেছে। তখন এ কওমীদের সমর্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এসব নেতা যেসব বক্তব্য দিচ্ছেন তা প্রকারান্তরে জামায়াতের প্রেতাত্মা হিসেবেই আবির্ভূত বলে প্রমান হচ্ছে। ইসলামী সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যেখানে নামীদামী ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে, সেখানে বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য স্থাপন বিষয় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

শিক্ষা উপমন্ত্রী চট্টগ্রামে স্বৈরাচার, সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ও রাজপথের সাহসী নেতৃত্বদানকারী শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমকে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করেন এবং মহিম কে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানান।

এছাড়া শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে গোল পাহাড়কে মহিম চত্ত্বর করার ব্যাপারে সকল ধরনের প্রশাসনিক সহায়তা করার জন্য আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক চসিক মেয়র প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক বিশ্বমানের নগরীতে পরিনত করা হবে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ যাবতীয় অবকাঠামো উন্নয়ন সাধন করা হবে।

রেজাউল করিম চৌধুরী আরও ঘোষণা দেন, তিনি নির্বাচিত হলে গোলপাহাড়কে মহিম চত্ত্বর ঘোষণা করা হবে।

এ শোক সভায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন