২০ মার্চ ২০২৬

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক  »

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি চলচ্চিত্র জগত। তারই মাঝে এল আরও একটি খারাপ খবর। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার নিজের বাড়িতেই ৯.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কোমরের সমস্যার কারণে কয়েক বছর একেবারেই শয্যাশায়ী ছিলেন অভিনেতা। ছিল হৃদযন্ত্রের সমস্যাও।

জানা যাচ্ছে, আজই (৬ ডিসেম্বর) কেওড়াতলা শশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। এরপর সত্যজিৎ রায়, রোল্যান্ড জোফির মতো বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনু মুখোপাধ্যায়।

সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। বর্ষীয়ান এই অভিনেতাকে বহু ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে।

অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন