২০ মার্চ ২০২৬

নেপালে ৫০ হাজার টন ইউরিয়া সার রফতানি করবে বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক »

নেপালের জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নেপাল সরকারকে সহায়তা প্রদানের লক্ষ্যে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রফতানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও নেপালের কৃষি সামগ্রী কোম্পানি লিমিটেড (কেএসসিএল)’র মাঝে এ নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিসিআইসি’র চেয়ারম্যান আমিন উল আহসান এবং কেএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক নেত্রা বাহাদুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, নেপালের জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণে সার আমদানি করলেও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ নেপালের জরুরি প্রয়োজনে বাংলাদেশ সার রফতানির চুক্তি করে বন্ধুত্বের হাত সম্প্রসারিত করেছে।

শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় শিল্প সচিব কে এম আলী আজম ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্রসহ শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নেপাল সরকারের কৃষি ও প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন