হাসিব ফেব্রু »
চলে গেলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও চারু চট্টগ্রামের স্বত্বাধিকারী শিমুল খালেদ। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার (২০ ডিসেম্বর) ভোর ৬.০০টায় তিনি নগরের মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রয়াত শিমুল খালেদ বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক খালেদ বেলালের বড় ছেলে। তাঁদের গ্রামের বাড়ি সন্দীপের বাউরিয়ায়। বর্তমানে শিমুল খালেদের পরিবার চট্টগ্রামের মেহেদীবাগ থাকেন।

কর্মজীবনে তিনি বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফেরদৌস, নায়িকা মৌসুমিসহ বিখ্যাত মডেলের এবং বিভিন্ন নামি-দামি ব্যান্ডের ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন।

সাফল্যের জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। আলোচিত হয়েছেন ফ্যাশন ডিজাইন জগতে।

সর্বশেষ তিনি ‘চট্টলা এক্সপ্রেস’ নামে বাংলা চলচ্চিত্রের প্রধান উদ্যোক্তা হিসাবে কাজ করে গেছেন।

এই গুনী ডিজাইনারের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ডিজাইনার মহলে। অনেকে ছুটে আসছেন শেষবারের মতো দেখা করতে।
মরহুমের ছোট ভাই সাজ্জাদ বিন খালেদ সুমন বাংলাধারাকে জানান, আমার ভাই ফ্যাশন ডিজাইনার হিসেবে সফল একজন মানুষ। তিনি কর্মজীবনে অনেক সম্মান অর্জন করেছেন। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।
আজ আছরের নামাজের পর দামপাড়া গরিব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা-বাবা, ভাইবোন আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগাহী রেখে গেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বাংলাধারা/এফএস/এইচএফ












