বাংলাধারা প্রতিবেদন »
চোর সন্দেহে দুই যুবককে গুলি করা হয়েছে, তবে কারা এ গুলি করেছে সে তথ্য জানে না পুলিশ ও স্থানীয় কেউই। এমন অদ্ভুত এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা দ্বীপালা মোড়ল এলাকায়।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয় ইউসুফ সারাং বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাত ও আব্দুল আলী এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ আজ বৃহস্পতিবার সকালে জানান, ইউসুফ সারাং বাড়ির খোকনের ঘরের ছাদে উঠে তিন যুবক লোহার রড ভাঙতে গেলে ঘরের মহিলারা বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেন। এসময় বাড়িটির পাশে কিছু তরুণ ব্যাডমিন্টন খেলছিল।
চিৎকার শুনে সন্দেহভাজন চোরদের ধাওয়া দেয় ব্যাডমিন্টন খেলায় অংশ নেয়া কিছু তরুণ। কিন্তু সন্দেহভাজন ওই তিন যুবক পালিয়ে যাওয়ার সময় একটি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আরাফাত ও আব্দুল আলী নামে দুই যুবকের আহত হওয়ার খবর পায়। তবে কার গুলিতে তারা আহত হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী একই এলাকার বাসিন্দা আব্দুল করিম জানান, চোর সন্দেহে তিন যুবককে ধরলে স্থানীয়রা খোকনদের বাড়িতে ভিড় জমায়। তখন দেখা যায় আরাফাত ও আব্দুল আলী নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়। তবে তাদের উপর কারা গুলি ছুড়েছে তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।
বাংলাধারা/এফএস/এআর












