আনোয়ারা প্রতিনিধি »
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আনোয়ারার কালাবিবি দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার দমদমিয়া নীলা ইউনিয়নের নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানের নেতৃত্বে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন।

অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, এর আগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় ২টি মোটরসাইকেলে আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে তাদের গ্রেপ্তারের পর সাথে থাকা দুটি ব্যাকপ্যাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এই অভিযান চট্টগ্রাম জেলা পুলিশের একটি বড় সাফল্য। চট্টগ্রামকে মাদক শূণ্যের কোঠায় নিয়ে আসায় আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এইচএফ












