১৯ মার্চ ২০২৬

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মিত

বাংলাধারা প্রতিবেদন »

বান্দরবান জেলা শহরের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুনের তীব্রতা বেড়ে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে ১৩টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, মার্কেটের একটি দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে মার্কেট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান, একটি লাইব্রেরি, তিনটি মুদি দোকানসহ কয়েকটি ইলেকট্রনিক মেশিনারীর দোকান পুড়ে গিয়েছে। এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এদিকে আগুনের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, রেডিক্রিসেন্ট ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুইয়া জানান, আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই আগুন নিভানোর কাজে নেমে পড়ি। প্রাথমিকভাবে ১৩টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত করে জানা যাবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন