১১ মার্চ ২০২৬

কমেছে চালের আমদানি শুল্ক

বাংলাধারা প্রতিবেদন »

বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। 

রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

খাদ্যমন্ত্রী বলেন, বৈধ আমদানিকারকগণ বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবে। পরবর্তীতে একটা নীতিমালার মাধ্যমে যাচাই-বাছাই করে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির অনুমতি প্রদান করবে। নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির অনুমতি দেয়া হবে। 

তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক কমিয়ে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে বৈধ আমদানিকারকগণ খাদ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে পারবেন। তারপর আবেদনপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে কাকে কতটুকু চাল আমদানির অনুমোদন দেয়া হবে। 

ইতোমধ্যে সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লক্ষ্য মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছেও বলে জানান খাদ্যমন্ত্রী।

ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানের চার হাজার টনের বেশি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। পাঁচ ধাপে এসব চাল আমদানি করছে সরকার। দুই ধাপে ভারত থেকে একলাখ টন চাল আনার বিষয়টি চূড়ান্ত হলেও, বাকি তিন ধাপে দেড়লাখ টন কোন দেশ থেকে আনা হবে সেটি এখনও ঠিক হয়নি। এদিকে, আমদানির খবরে খাতুনগঞ্জে কেজিপ্রতি চালের দাম কমেছে ২ টাকা।

সবশেষ ২০১৭ সালে বিদেশ থেকে চাল আমদানি করেছিল সরকার। এবার মোট আড়াই লাখ চাল আনতে চায় খাদ্যমন্ত্রণালয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের কলকাতা বন্দর থেকে প্রথম কিস্তির ৪ হাজার ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন