১৯ মার্চ ২০২৬

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

বাংলাধারা প্রতিবেদন  »

দ্বিতীয় ধাপে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ৭টি জাহাজে করে ৪২৭ পরিবারের ১৮০৪ জন সদস্যকে নিয়ে নোয়াখালীর দ্বীপ ভাসানচরের পথে যাত্রা শুরু করেছে রোহিঙ্গাবাহী জাহাজ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সকাল নয়টায় প্রথম জাহাজ জেটি ছেড়েছে। এরপর একে একে অন্য জাহাজগুলো জেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, উখিয়া ও টেকনাফের তালিকাভুক্ত (রেজিস্টার) ক্যাম্প ছাড়া বাকি সব ক্যাম্প থেকেই এবার রোহিঙ্গারা ভাসানচর যাচ্ছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে দুই দফায় ৩০টি বাসে চড়ে নগরীর পতেঙ্গার বিএফ শাহীন কলেজ মাঠে এসে পৌঁছান রোহিঙ্গারা। কলেজে রাতযাপনের পর সকালে তাদের বোট ক্লাবে জাহাজে তোলার কাজ শুরু হয়।

এর আগে সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রোহিঙ্গাদের বহনকারী ৩০টি বাস দুই ধাপে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। প্রথম দফায় ১৩টি বাস এবং দ্বিতীয় দফায় ১৭টি বাস সোমবার রাতে পতেঙ্গার বিএফ শাহীন কলেজ মাঠে এসে পৌঁছায়।

এর আগে, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

উল্লেখ্য, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়। যেখানে রয়েছে- শিশুদের খেলার মাঠ, স্কুল, চিকিৎসা কেন্দ্র, দ্বীপে কর্মরত দেশি-বিদেশি সংস্থার লোকজনের জন্য থাকার আলাদা ভবনসহ সব ধরনের সুযোগ-সুবিধা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন