বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অন্যান্য বছরের মতো এবারো চলতি বছরের ৩১ ডিসেম্বর নতুন বইয়ের উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের বই তিন দিনে পর্যায়ক্রমে বিতরণ করবে। এভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই পর্যায়ক্রমে ১২ দিনে বিতরণ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। একই কারণে আগামী বছর সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম চালু করার চিন্তাও আছে বলে জানান শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব অনলাইনে সংযুক্ত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, মহামারি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পাবলিক পরীক্ষা বাতিল করে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের মুল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, এসাইনমেন্টের মাধ্যমে এবার পরীক্ষা মূল্যায়ন করা হয়েছে। এতে শতকরা ৮৫ ভাগ শিক্ষার্থী বেশ উৎসাহের সঙ্গে যুক্ত হয়ে এসাইনমেন্ট সম্পন্ন করেছে।
বাংলাধারা/এফএস/এআর












