বাংলাধারা প্রতিবেদন »
সারাদেশের সরকারি স্কুলগুলোর ভর্তির লটারি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে আগামীকাল। সব সরকারি স্কুলের ভর্তির লটারির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল দশটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে লটারির উদ্বোধন করা হবে।
রাজধানীর সরকারি স্কুলগুলোর ভর্তির লটারির তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাজধানীর বাইরের সরকারি স্কুলগুলোর লটারির তারিখ ঘোষণা করা হয়নি।
করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোর সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে।
চলতি বছর টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা ১১০ টাকা আবেদন ফিয়ের বিনিময়ে ৫টি সরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পেরেছেন।
সংশ্লিষ্টরা মন্তব্য করে বলছেন, সারাদেশে মোট ৩৮৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তিতে মোট ৪ লাখ ৬৭ হাজার ৩২৪টি আবেদন জমা পড়েছে। ভর্তিচ্ছু সব শিশু আবেদন করতে পারলে এ সংখ্যা অন্তত ৬ লাখ ছাড়িয়ে যেত।
বাংলাধারা/এফএস/এইচএফ












