বাংলাধারা প্রতিবেদন »
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কয়েক মাসের জন্য রফতানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাংলাদেশের জন্য নয়।
সোমবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
সচিব বলেন, ভারতে টিকা রফতানির ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তার প্রভাব বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির ওপর পড়বে না।
তিনি আরও জানান, তাঁর সঙ্গে বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারের কথা হয়েছে। যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তা দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার সঙ্গে হওয়া চুক্তি। বাংলাদেশ যে চুক্তি করেছে, সেটা সরকারের সঙ্গে সরকারের। এটা আন্তর্জাতিক চুক্তি। নিষেধাজ্ঞার আওতায় সেটি পড়বে না। তা ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিন কোটি ডোজ টিকার কথা বলেছেন।
এদিকে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউট জানিয়েছে, তাদের টিকা রপ্তানির ওপর কোন নিষেধাজ্ঞা নেই। সেরাম ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের টিকা রপ্তানির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।
প্রসঙ্গত, আগামী মাসের শুরুতে এই সিরাম ইন্সটিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রোববার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পর দিনই টিকা রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর এলো।
বাংলাধারা/এফএস/এইচএফ












