১৯ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় দেশি অস্ত্রসহ যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি  »

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে লোহার তৈরী দেশি পিস্তল ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরা ছেলে।

বুধবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি দল মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

এসময় তার কোমরে গুজানো একটি দেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৭। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বেলা ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. আব্দুল মবিন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটককৃত খজেন্দ্র ত্রিপুরাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন