বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের মহেশখালীতে আবদুল গফুর (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল গফুর ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের বাবা ফিরোজ মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অছিউর রহমানের পুত্র পেশাদার সন্ত্রাসী ইউসুফ জালাল ও গুরা মিয়া সোমবার সকালে পথরোধ করে আবদুল গফুরকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপায়। এতে মারাত্মক আহত হন আবদুল গফুর। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আবদুল গফুর মারা যান।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলেও তিনি জানান।
বাংলাধারা/এফএস/এইচএফ












