বাংলাধারা প্রতিবেদন »
সিদ্ধান্ত না এলেও আগামী ৫ মে থেকে গণপরিবহণ চলাচল করা হবে বলে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহণের মালিক-শ্রমিকেরা।
রোববার(০২ মে) চট্টগ্রামের স্টেশন রোডে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা। সংবাদ সম্মেলনে গণপরিবহণ ও পণ্য পরিবহণে বিপর্যয়ের চিত্র তুলে ধরেন সড়ক পরিবহণ মালিক নেতারা।
এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি বাবু মৃণাল চৌধুরীও বক্তব্য দেন।
এ সময় গত এক বছরের ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি ও পুলিশের মামলা বন্ধ, গাড়ির ডকুমেন্ট হালনাগাদের সময় বৃদ্ধির দাবি জানান তাঁরা। এ ছাড়া তাঁরা অভিযোগ করেন, লকডাউনে শুধু গণপরিবহণ বন্ধ রেখে কলকারখানা, শপিংমলসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহণ বন্ধ রেখে মোটরসাইকেল, ট্রাক, অ্যাম্বুলেন্সে পুলিশের সামনে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণপরিবহণ রাস্তায় নামলে সরকারকে বছরে ২৩ হাজার ১০০ টাকা অগ্রিম ট্যাক্স প্রদান করতে হয়। বর্তমানে লক্ষাধিক শ্রমিক কাজ করছেন। দৈনিক পাঁচ কোটি টাকার আয় থেকে শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন।
বাংলাধারা/এফএস/এআর












