বাংলাধারা ডেস্ক »
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। গত এপ্রিল মাসে মোট ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত ও ৫০৭ জন আহত হয়েছে।
রোববার(০২ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১২ জন চালক, ৮২ জন পথচারী, ৩৮ জন নারী, ২৬ জন ছাত্র-ছাত্রী, ৩৬ জন পরিবহণ শ্রমিক, ৪২ জন শিশু, দুইজন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চারজন শিক্ষক।
একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহণ শ্রমিক, ৩৩ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক, ২৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭ জন শিশু এবং চারজন রাজনৈতিক দলের নেতাকর্মী।
পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান, ১৪৪টি দুর্ঘটনায় মোটরসাইকেল, ৫৫টিতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টিতে নসিমন ও করিমন, ৫২টিতে সিএনজিচালিত অটোরিকশা, ৩০টিতে প্রাইভেট কার ও ২০টি বাস জড়িত ছিল।
এছাড়া এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে রেলপথে আটটি দুর্ঘটনায় ছয়জন এবং নৌপথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও নয়জন আহত হয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।
এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ৮ এপ্রিল। সেদিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয় ১৪ এপ্রিল, ছয়টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ছয়জন আহত হয়।
বাংলাধারা/এফএস/এআর












