১৯ মার্চ ২০২৬

বাঁশখালীতে নিহতদের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে এস আলমকে নির্দেশ

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের নিহত ৫ জনের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে এস আলম গ্রুপকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৪৫ দিনের মধ্যে ওই ঘটনায় ডিসি, পুলিশ ও এস আলম গ্রুপের করা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি নিহতদের ৩ কোটি এবং আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। 

মঙ্গলবার (০৪ মে) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতিসহ (বেলা) পাঁচটি সংগঠনের আলাদা দুটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

নিহত শ্রমিকদের আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এস আলমের আইনজীবী জানিয়েছেন তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সৈয়দা নাসরিন। এস আলমের পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ।

গত ১৭ এপ্রিল সকালে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

নিহতরা হলেন—শুভ (২৩), রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মো. শিমুল (২৩) নামে আহত এক শ্রমিক মারা যান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন