১৯ মার্চ ২০২৬

পানের খিলিতে ইয়াবা বিক্রি; স্বামীর তথ্যে স্ত্রীও ধরা

বাংলাধারা প্রতিবেদন »

পানের খিলিতে ইয়াবা বিক্রির অপরাধে স্বামীর পর এবার স্ত্রীও ধরা খেলেন পুলিশের জালে। এর আগে গ্রেফতার হয়েছিল স্বামী সাজু মিয়া। মূলত স্বামীর তথ্যের ভিত্তিতেই তাহমিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (৭ মে) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটের দীঘিরহাট ২ নম্বর রেল গেট এলাকার খলিলুর রহমানের ভাড়াঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাহমিনার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তার স্বামী ৩ মামলার আসামি সাজু মিয়াকে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান চালায়। এই দোকানের আড়ালে সে ইয়াবা বিক্রি করে।

ওসি বলেন, সাজু মিয়া ও তাহমিনা পানির দীঘি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা বাইরে থেকে পাইকারি দরে ইয়াবা কিনে এনে দেওয়ানহাট পানির দীঘি এলাকায় খুচরা বিক্রি করে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন