১৯ মার্চ ২০২৬

মিতু হত্যা মামলা : স্বামী বাবুল আক্তারকে হেফাজতে নিয়েছে পিবিআই চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদন :::

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।

এর আগে সোমবার (১০ মে) মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।

এদিকে, বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে রাত ৮ টা থেকে পিবিআই’র একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানান, ‘বাবুল আক্তার পিবিআইয়ের হেফাজতে রয়েছে। ’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন