১৩ মার্চ ২০২৬

কাভার্ডভ্যানে মিললো ১৭ হাজার ইয়াবা, চলন্ত গাড়ি ফেলে পালালো চালক

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার শহরের কলাতলীতে কাভার্ড ভ্যানে তল্লাশী করে ১৭ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশ। পুলিশ দেখেই গাড়ি ফেলে পালিয়ে যান চালক।

সোমবার (২৪ মে) রাত ৯টার দিকে শহরের কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় (ঢাকা মেট্রো-ম-৫৪-০২৮০) কাভার্ড ভ্যান তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারিদের কেউ আটক হননি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, নিত্যদিনের মতো কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এটিএসআই গোলাম রাব্বানী কলাতলী ডলফিন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ডিউটি শেষ করে কক্সবাজার পুলিশ লাইনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ঢাকা মেট্রো-ম-৫৪-০২৮০ নাম্বার যুক্ত কাভার্ডভ্যান কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে পুলিশ লাইন কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটিএসআই গোলাম রাব্বানী ঐ কাভার্ডভ্যানটিকে দাড়ানোর জন্য সংকেত দেয়। ড্রাইভার কাভার্ড ভ্যানটি দাঁড় করালে গোলাম রাব্বানী ড্রাইভারকে পুলিশ লাইন পর্যন্ত তাকে একটু পৌঁছে দিতে অনুরোধ করেন।

অনেকটা অনিচ্ছা সত্বেও কাভার্ডভ্যানের ড্রাইভার তাকে লিফট দেয়ার জন্য গাড়িতে উঠায়। পরে কাভার্ডভ্যানটি কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকা অতিক্রম করার সময় কথা প্রসঙ্গে এটিএসআই গোলাম রাব্বানী ড্রাইভারের কাছে জানতে চায় ‘তিনি কোথায় যাচ্ছেন এবং একা কেন? হেলপার কোথায়?’

এই প্রশ্নের কোন উত্তর না দিয়ে ড্রাইভার হুট করে চলন্ত ভ্যান হতে লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে পালিয়ে যায়। এটিএসআই গোলাম রাব্বানী দ্রুত চালকের আসনে বসে গাড়িটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনে বিশেষ কায়দায় রাখা ১৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০০ টাকার দুটি নোট উদ্ধার করে তা জব্দ করা হয়।

এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ