পরিকল্পিত সন্ত্রাস ও নানা অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমসাময়িক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মুহাম্মদ শাহেদ বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুবসমাজের দায়িত্ব অনেক বেশি। দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতা-কর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ, মানবিক কর্মকাণ্ড এবং গণমানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থ কিংবা পদ-পদবির প্রতিযোগিতা নয়, সংগঠনের স্বার্থই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় নেতা-কর্মীদের সব সময় সতর্ক থাকতে হবে।
চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোরশেদ কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহসম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির ও সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু ও মোহাম্মদ ইস্কান্দার।
এ ছাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন, খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী ও ছাবের আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।













