চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ওই ব্যাগে জমি রেজিস্ট্রির জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও টাকা উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট-গশ্চি মোহাম্মদ জামা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সামশুন নাহার (৫০) থানায় অভিযোগ করেছেন। তিনি উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে পরিবারের সদস্যদের সঙ্গে রাউজান ভূমি রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন সামশুন নাহার। তাঁদের সঙ্গে ছিলেন জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট মসজিদের ইমাম তাজু আহমেদ এবং তাঁদের বড় আব্বুর শ্যালক মো. জাফর। জাফর অটোরিকশাটি চালাচ্ছিলেন।
ভুক্তভোগীর ছেলে মো. আরিফ জানান, তাঁদের কেনা জমি মঙ্গলবার রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য বিভিন্ন সময়ে দুটি ব্যাংক থেকে ৩ লাখ ও ৭ লাখ টাকা তোলা হয়। এর আগে আরও ১০ লাখ টাকা তোলা হয়েছিল। বাড়িতে থাকা টাকা মিলিয়ে জমি রেজিস্ট্রির জন্য প্রায় ২৭ লাখ টাকা নিয়ে তাঁরা রওনা হন। এর মধ্যে তাঁর মায়ের ব্যাগে ছিল ২৫ লাখ টাকা ও কিছু খুচরা টাকা। বাকি ২ লাখ টাকা ছিল অন্য একটি বাজারের থলেতে।
আরিফ আরও জানান, তিনি অতিরিক্ত কিছু টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে করে আগে রমজান আলী চৌধুরী হাটে তাঁর বোনের শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর অন্য একটি নম্বর থেকে তাঁর মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ছিনতাইয়ের ঘটনা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
মায়ের বরাত দিয়ে আরিফ বলেন, সড়কের বাঁকে তিন যুবক অটোরিকশাটির সামনে এসে অস্ত্র তাক করে গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তাঁর মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। তাঁর দাবি, এর আগে মোটরসাইকেলে যাওয়ার পথে ঘটনাস্থলের পাশে তিনটি মোটরসাইকেলসহ পাঁচজনকে দাঁড়িয়ে ধূমপান করতে দেখেছিলেন। তাঁদের কাছে টাকা থাকার তথ্য জেনেই পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
অটোরিকশাচালক মো. জাফর বলেন, সড়কের বাঁকে হঠাৎ তিন যুবক গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামাতে বলে। এ সময় তারা তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। অস্ত্র তাক করলে তিনি ফোন ছেড়ে দেন। পরে যুবকেরা নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করে। সামশুন নাহার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে টেনেহিঁচড়ে সেটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রিজার্ভ ভাড়ায় নেওয়া অটোরিকশাটির গতিরোধ করে তিন যুবক অস্ত্রের মুখে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. তানভীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তদন্ত চলছে।
এদিকে, দিনের বেলায় সড়কে অস্ত্রের মুখে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছে। তবে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং টাকা উদ্ধারের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।














