১৩ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বোরোর ভালো ফলনে খুশি কৃষক

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে নিরাপদে মাঠের প্রায় সব ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। খেতে ভালো ফলন আর বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বোরো চাষীরা।

মিরসরাই উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবছর উপজেলায় ১ হাজার ১৮০ হেক্টর আবাদ লক্ষমাত্রার বিপরিতে বোরা আবাদ হয়েছে ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে। উপজেলায় সবচেয়ে বেশি বোরোধান আবাদ হয়েছে দূর্গাপুর, করেরহাট, হিঙ্গুলী ও মিরসরাই সদর ইউনিয়নে। ফেনী নদী ও মহামায়ার হ্রদের পানি থাকায় এসব এলাকায় বোরোধান চাষ বেশি করেছেন কৃষক।

মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া এলাকায় নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক মো. ইউসুফ। ফলন কেমন হলো জানতে চাইলে এ কৃষক বলেন, ধানের ফুল আসার সময় গরম বাতাশে ধান নষ্ট হওয়ার ভয়ে থাকলেও শেষ পর্যন্ত আমাদের তেমন ক্ষতি হয়নি। সময়মত পানি পাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় খেতে ভালো ফলন হয়েছে।

সম্প্রতি উপজেলার মিঠাছড়া বাজারে বোরোধান বিক্রি করতে এসেছেন কৃষক আবু ছালেক। কেমন দাম, জানতে চাইলে এই কৃষক জানান, প্রতি মণ ধান ৭০০ টাকা দরে বিক্রি করেছি। দুই বাজার আগে মণ প্রতি দাম আরো ১০০-১৫০ টাকা বেশি ছিলো। এখন দাম কমতির দিকে। তবু এই দাম গত বছর থেকে ভালো।

বোরো ধান উৎপাদনের বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বাংলাধারাকে বলেন, মিরসরাইয়ে এরই মধ্যে সব বোরো ধান কটে ঘটে তুলেছেন কৃষক। বোরা আবাদ বাড়াতে উপজেলায় এবার আমরা ৩২৬ জন কৃষককে বীজ দিয়ে সহযোগীতা করেছি। আবহাওয়ার তারতম্যে আর গরম বাতাশে ধান নষ্ট হওয়ার ভয়ে ছিলাম আমরা। তবে খারাপ কিছু ঘটেনি। সবকিছু ঠিক থাকায় এবার উপজেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ