১৩ মার্চ ২০২৬

ইয়াবার সর্ববৃহৎ চালান জব্দ করে সম্মাননা পেলেন কক্সবাজারের ওসি ডিবি

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

বিগত সময়ের কক্সবাজারে জব্দ হওয়া ইয়াবা চালানের সর্ববৃহৎ চালান ধরে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখায় পুরস্কৃত হয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মুহাম্মদ আলী। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুই দফায় অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচ জনকে হাতেনাতে আটক করেছিল ডিবি পুলিশ। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য দেখানো হয়েছিল ৫৩ কোটি টাকা।

বাংলাদেশ পুলিশ কিংবা র‌্যাব সংস্থা ইতিপূর্বে এতোবৃহৎ চালান উদ্ধার করতে পারেনি। কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সর্ববৃহৎ এ চালান উদ্ধারের কৃতিত্ব নিজেদের দখলে নিয়েছে। এই সাফল্যের জন্য সম্মামনা স্মারক পেয়েছেন ডিবির ওসি শেখ মুহাম্মদ আলী।

মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম রেঞ্জে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক (নি.) শেখ মুহাম্মদ আলীকে সম্মাননা স্বারক প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন। এসময় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মাননা পাওয়া ডিবি ওসি শেখ মুহাম্মদ আলী নিজেই।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি দুপুরে সাগর পথে আসা কক্সবাজারের চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় জহিরুল ইসলাম ফারুকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। একই দিন বিকালে ফারুকের স্বীকারোক্তি মতে তার বাড়ি নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনায় আটক জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ মাদক কারবারি কারাগারে রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ