১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় একটি পরিত্যক্ত সরকারি কোয়াটারে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) ভোরে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো.আলম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৭ মে) রাত ৯টার দিকে ভুক্তভোগী পোশাক শ্রমিক তার সহকর্মী সালাউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে শেরশাহ কলোনী সরকারী বিল্ডিংয়ের সামনে যান। এ সময় সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি নামে দুইজন তাদের আটকে রেখে মারধর করে। একপর্যায়ে দুইজনকেই হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে একটু সামনে এগুলে কিছুক্ষণ পর সুমন ও জনি ভুক্তভোগী পোশাক শ্রমিককে মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি সরকারি কোয়াটারের নীচ তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মো. আলম নামে একজন দরজার বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভুক্তভোগী নারী ও তার সহকর্মীকে একত্রে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তোলে এবং আরও মারধর করে ছেড়ে দেয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করানো হয়েছে।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন