বাংলাধারা স্পোর্টস »
অন্তত একটি জয়ের লক্ষ্যে বেশ আঁটঘাঁট বেধেই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে দারুণ ইনিংস শুরুর পর ধারাবাহিকতা ধরে রেখেছেন অতিথি দলের অধিনায়ক কুশল পেরেরা। তিনবার জীবন পেয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তাঁর শতরানের ইনিংসে ভর করে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে শ্রীলঙ্কা।
সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিন মাথায় বাউন্সারের আঘাত পেলে সুযোগ মিলেছিল, ভালো বল করলেও উইকেট পাননি। আজ আক্ষেপগুলো সুদে আসলে মিটিয়েছেন তারকা পেসার। একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছেন তাসকিন।
তবে অন্যপ্রান্ত থেকে শ্রীলংকাকে দারুণভাবে টেনেছেন কুশল পেরেরা। এতে অবশ্য বাংলাদেশি ফিল্ডারদের ‘অবদান’ও আছে। তিনবার সেঞ্চুরি পাওয়া পেরেরার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। দুবার সাকিবের বলে, একবার মোস্তাফিজের বলে। শ্রীলংকান অধিনায়ক শেষ পর্যন্ত থেমেছেন ১২০ রানে।
১২২ বল খেলে ১১টি চার ১টি ছয়ে ১২০ রানে আউট হয়েছেন শরিফুল ইসলামের বলে। মিডল অর্ডারে ধনঞ্জয়া ৭৭ বল খেলে ৪টি চারের সাহায্যে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলংকা ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৮৬ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন ৯ ওভার বোলিং করে ৪৬ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। শরিফুল ৮ ওভারে ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। সাকিব, মিরাজ, মোস্তাফিজ ১০ ওভারে যথাক্রমে ৪৮, ৪৮, ৪৭ রান খরচ করলেও উইকেট পাননি।
সাকিব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আজ বোলিং করতে নেমেছিলেন। আর মাত্র একটা উইকেট পেলেই মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক বনে যেতেন। পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারতেন। সাকিবের রেকর্ডের জন্য বাংলাদেশের পরবর্তী ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে এখন।
বাংলাধারা/এফএস/এআর












