খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলা কারাগারে বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে পর্নোগ্রাফি মামলার আসামী মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা গেছে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে নিহত মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল।
ওসি আরো জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তিনি গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এআর












