১৮ মার্চ ২০২৬

আসছে শাহীন মাহমুদের কথা, সুমনের সুর আর প্রিয়াংকার কণ্ঠে দুটি মিউজিক ভিডিও

বাংলাধারা বিনোদন :::

শীঘ্রই আসছে কবি শাহীন মাহমুদের লেখা, বিখ্যাত সুরকার ও কম্পোজার সুমন কল্যাণের সুরে এবং এ সময়ের গুণী ও আলোচিত কণ্ঠ শিল্পী প্রিয়াংকা দাশের কণ্ঠে গাওয়া দুটি গান ও মিউজিক ভিডিও।

কণ্ঠশিল্পী প্রিয়াংকা দাশ চট্টগ্রামের মেয়ে। সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ প্রিয়াংকা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ও বাংলাদেশ বেতার চট্টগ্রামের তালিকাভুক্ত শিল্পী। গানের প্রতি একাগ্রতা ও ভালোবাসার টানে একের পর এক আধুনিক গান শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন প্রিয়াংকা দাশ।

আগামী সপ্তাহের শেষের দিকে রিলিজ হচ্ছে প্রিয়াংকার কণ্ঠে গাওয়া দুটি মৌলিক গান। যার গীতিকার স্বনামধন্য কবি শাহীন মাহমুদ এবং গান দুটি সুরকার খ্যাতিমান সুমন কল্যাণ। সুমন কল্যাণ ব্যতিক্রমধর্মী সুরকার হিসাবে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাঁর সুরে সবসময় একটা নতুনত্ব খুঁজে পাই শ্রোতারা।

গান দুটি সম্পর্কে সুমন কল্যাণ বলেন, কবি শাহীন মাহমুদ ভাই দুটি গান-ই অসাধারণ লিখেছেন। এ গান গুলোকে ফর্মেটিং করতে আমি ও শাহীন ভাই অনেক কষ্ট করেছি। আর শিল্পী প্রিয়াংকার কথা কি বলবো- প্রিয়াংকা অসাধারণ ক্লাসিকাল করেন। আমি মুগ্ধ হয়েছি তার কণ্ঠ শুনে। ঠিক যতটুকু আমি ও শাহীন ভাই চেয়েছিলাম, ঠিক ততোটুকু প্রিয়াংক উজাড় করে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এ দুটি গান শ্রোতা দর্শকের মন জয় করবে।

গান দুটি নিয়ে প্রিয়াংকা দাশ অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুব একসাইটেড, শাহীন মাহমুদ ভাইয়ার গান আমি আগেও গেয়েছি। উনার প্রতিটি গানের কথামালার মধ্যে একটি মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার আছে, যা একেক গানে একেক ভাবে ধরা দেয়।আমি যে দুটি গান করেছি এবার তার একটি হলো- ‘বন্ধু তোর ঠিকানা খুঁজে পেলাম না ’ এবং ‘ছোট্ট একটা ঘাসফুল’।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন