১৭ মার্চ ২০২৬

সিডিএ’কে চসিকের চিঠি; লালখান বাজার-টাইগারপাস অংশে ফ্লাইওভার নির্মাণে আপত্তি

বাংলাধারা প্রতিবেদন » 

চট্টগ্রাম নগরীর লালখান বাজার ও টাইগারপাস অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ফ্লাইওভার) নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অন্যদিকে এই অংশে ফ্লাইওভার নির্মাণে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত সিডিএ চেয়ারম্যান বরাবর একটি চিঠিতে উল্লেখ করেন, ‘ওই স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হলে সড়কের উভয়পাশে দৃষ্টিনন্দন পাহাড় দু’টির প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা থেকে জনগণ বঞ্চিত হবে।’

উল্লেখ্য, গত ৮ জুন সিডিএ’র সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট চার সংস্থার সভায় টাইগারপাস থেকে লালখান বাজার অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া পাঁচটি প্রস্তাবনা থেকে সর্বসম্মতিক্রমে পাহাড় ও স্থাপনা অক্ষুণ্ন রেখে ফ্লাইওভার নির্মাণের এই প্রস্তাবনাকে বাছাই করেছে সিডিএ।

চসিকের চিঠিতে আরও উল্লেখ করেন, ‘জনস্বার্থে উক্ত অংশে ফ্লাইওভার নির্মাণ না করে বর্ণিত ফ্লাইওভার দু’টির সংযোগ স্থাপন গ্রাউন্ড লেভেলে সমাধান করার জন্য মেয়রের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাছাড়া, সিডিএ কর্তৃক ইতিপূর্বে নির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভারের জন্য একই সড়কপথে র‌্যাম্প নির্মাণের কারণে গ্রাউন্ড রোড সংকুচিত হওয়ায় সড়কপথে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই বর্ণিত প্রকল্পের অধীনে একই সড়কপথে র‌্যাম্প নির্মাণ না করার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বাংলাধারাকে বলেন, ‘গত ৮ জুন সভায় পাঁচটি প্রস্তাবনা থেকে সর্বসম্মতিক্রমে পাহাড় ও স্থাপনা অক্ষুণ্ন রেখে ফ্লাইওভার নির্মাণের এই প্রস্তাবনাকে বাছাই করা হয়েছে। তাছাড়া এ সিদ্ধান্ত তো সিডিএ একা নেয়নি। চার সংস্থার সভায় এ সিদ্ধান্ত হয়েছে।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন