১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে; উপজেলায় লকডাউন ও নগরে কড়াকড়ি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। যার ফলে জেলার ফটিকছড়ি উপজেলায় আগামীকাল বুধবার (২৩ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জানা গেছে, এই এক সপ্তাহ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত হাটবাজার ও দোকানপাট বন্ধ থাকবে।

এদিকে আগামীকাল বুধবার (২৩ জুন) থেকে চট্টগ্রাম নগরীতে অনির্দিষ্টকালের জন্য শুধু মাত্র ওষুধের দোকান ছাড়া রাত ৮ টার পর সব ধরনের দোকানপাটও বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভা কক্ষে কভিড ১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও জানা যায়, যানবাহন চলাচলের ক্ষেত্রেও কঠোর সিদ্ধান্ত প্রশাসনের। চলবে ভ্রাম্যমান আদালতের অভিযান।

যানবাহনে ৬০ শতাংশের বেশি ভাড়া ও সিটের বাইরে যাত্রী না ওঠানোর কথা বলা হয়েছে। রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকানেও ৫০ ভাগের বেশি মানুষ সমাগম করতে পারবে না। এছাড়া কমিউনিটি সেন্টার বা হোটেলের হলে সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি বিধিনিষেধ অমান্য করা হয়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন