আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় রতন দাশ (৫৫) নামের এক মুদি দোকানি নিহত হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িত টিটু ভৌমিকের ছেলে নিলয় কিশোর ভৌমিককে (১৭) আটক করেছে, বাকী আসামীরা পালিয়ে গেছে।
নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রতন দাশের সাথে স্থানীয় মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েক মাস আগে রতন দাশ তার দখলীয় জায়গা থেকে গাছ কাটলে প্রতিপক্ষ বাঁধা দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত গাছ না কাটার নিষেধাজ্ঞা দেই। কিন্তু আজ নিষেধাজ্ঞা অমান্য করে মিন্টু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা গাছ কেটে নিয়ে যেতে চাইলে রতন দাশ বাঁধা দেয়। এসময় তাকে দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং লাঠিসোটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় বেধরক মারধর করে। পরে ঘটনাস্থল থেকে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রতনের মেয়ে পিয়াঙ্কা দাশ বলেন, হামলাকারীরা বিরোধপূর্ণ একটি গাছ কেটে নিয়ে যেতে চাইলে আমার বাবা তাতে বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিক সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বাবার উপর হামলা চালায়। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে থাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান বলন, খিলপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আমরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/এফএস/এআই












