১৩ মার্চ ২০২৬

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

বাংলাধারা প্রতিবেদন »

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং ডিবি মতিঝিল জোনের ডিসি মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।’ তিনি পেশাককে ভালবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম সঞ্চালনায় ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশেনর কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

এছাড়া সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। দু’জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এসজে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ