বাংলাধারা ডেস্ক »
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের অনুমতি পেয়েছে চট্টগ্রামের আরও চারটি বেসরকারি প্রতিষ্ঠান। এর আগে একটি মাত্র হাসপাতালকে এই অনুমতি দেওয়া হয়েছিল। তাও সরকারি হাসপাতাল জেনারেল হাসপাতালকে।
রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে সারাদেশের আরও ৭৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকেও অনুমতি দেওয়া হয়।
চট্টগ্রামে অনুমতি পাওয়া চার প্রতিষ্ঠান হলো— শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মেডিকেল সেন্টার হাসপাতাল, সিএসসিআর (প্রাইভেট) লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলােকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।
টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ:
১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।
২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS -2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।
৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).
৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।
৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।
৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলো।
বাংলাধারা/এআই












