১৮ মার্চ ২০২৬

এক ঝলকে আজকের চট্টগ্রাম

১. বৃষ্টি ও জোয়ারে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
চট্টগ্রামে ভোর থেকে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২. অজ্ঞাত লরির ধাক্কায় প্রাণ গেল বন্দর কর্মচারীর
নগরীর ইসহাক ডিপো এলাকায় লরির ধাক্কায় স্বপন কান্তি দাস নামে এক বন্দর কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্বপন কান্তি সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্বপন কান্তি দাশ বাঁশখালী থানার কাদরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত লাতু চন্দ্র দাসের ছেলে।

৩. কাল থেকে নগরীতে শুরু হচ্ছে মশকনিধনে ক্রাশ প্রোগ্রাম
কোভিড, ডেঙ্গু ও চিকনগুনিয়া এই তিন শত্রুর বিরুদ্ধে লড়ছে পুরোদেশ। এমন অবস্থায় বুধবার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে শুরু হচ্ছে মশকনিধনে ক্রাশ প্রোগ্রাম। প্রতিদিন ৪টি ওয়ার্ডে একসঙ্গে ১০০ জন মশকনিধনকর্মী চালাবে এই অভিযান। এভাবে এক মাস ৪১ ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কর্মসূচি চলবে।

৪. চট্টগ্রামে ১০ মৃত্যুর দিনে নতুন শনাক্ত ১২৭৩ জন
চট্টগ্রামে ফের হাজার ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। ৩ হাজার ৪৫০ টি নমুনা পরীক্ষায় শনাক্তদের মধ্যে মহানগরে রয়েছে ৮৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৩৮ জন। এদিন সংক্রমণের হার ছিলো ৩৬ দশমিক ৮৯ শতাংশ।

৫. নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরীর শেখ মুজিব রোড, আগ্রাবাদ, স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলী রোড, নন্দনকানন ও মোমিন রোড, মোগলটুলী রোড, ডিটি রোড, কদমতলী, পূর্ব মাদারবাড়ি ও সদরঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে নন্দনকাননের একটি বাড়িতে ভবনের নিচে পানি জমানোয় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬. নওফেলের পক্ষ থেকে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ
করোনা মহামারির সংক্রমণ রোধে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথ। এটিএম বুথের আদলে নির্মিত এ বুথে হাত বাড়ালেই মিলবে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। নিজের ব্যবহৃত মাস্ক বুথের ডাস্টবিনে ফেলে বাটুন টিপে হাত স্যানিটাইজ করে পরে নিতে পারবেন নতুন মাস্ক।

৭. চট্টগ্রামে ‘মানবিক হাসপাতাল’, ফোন করলেই পৌঁছে যাবে রোগীর বাসায়
বিএইচআরসি গভর্নর আমিনুল হক বাবুর ব্যবস্হাপনায় নগরে চালু হলো মানবিক হাসপাতাল। সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফোন করলেই ডাক্তার পৌঁছে যাবেন রোগীর বাসায়। করোনা, ডেঙ্গুর ঊর্ধ্বগতির এ সময়ে বিনামূল্যে এ সেবা পাবেন নগরবাসী। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

৮. কক্সবাজারে যুবক হত্যায় অভিযুক্ত খুনি জনতার সহায়তায় গ্রেফতার
কক্সবাজার সদরের খরুলিয়ায় কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হওয়া মোর্শেদ কামাল হত্যায় প্রধান অভিযুক্ত কফিল উদ্দিন গ্রেফতার হয়েছেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা থেকে জনতার সহায়তায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কফিল উদ্দিন ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়ার কোনারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ফরিদের ছেলে।

৯. রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক ইমনকে প্রেসক্লাব থেকে অব্যাহতি
সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে “দি ডেইলি অবজাভার” এর রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনকে রাঙামাটি প্রেসক্লাব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার সংগঠনটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেয়া হয়। ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

১০. দাবি করা চাঁদা না পেয়ে ৫ হাজার লেবু গাছ কেটে ফেলার অভিযোগ
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় এক কৃষকের ফলন আসা ৫ হাজার লেবু গাছ কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর দাবিকরা চাঁদা দিতে অপারগ হওয়ায় এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে ভুক্তভোগী কৃষক নজির আলমের দাবি। ফলন তোলার আগে গাছগুলো কেটে ফেলায় নিঃস্ব হয়ে গেছেন ভুক্তভোগী কৃষক।

আরও পড়ুন