১৮ মার্চ ২০২৬

আনোয়ারায় টিকা গ্রহীতাদের ফুল দিয়ে স্বাগত জানালেন চেয়ারম্যানরা

আনোয়ারা প্রতিনিধি »

সারাদেশের মতো আনোয়ারা উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ টিকা প্রদান করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) উপজেলার ১১ ইউনিয়নে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা নিতে কেন্দ্রে ভিড় জমিয়েছে গ্রামের নারী পুরুষরা৷ এদিকে যারা টিকা নিচ্ছেন তাদেরকে ফুল উপহার দেওয়া হয়। এমন ব্যতিক্রমী আয়োজন করেন ইউনিয়ন চেয়ারম্যানরা।

বারশত, বরুমচড়া, চাতরী ও আনোয়ারা সদর ইউনিয়নে গিয়ে দেখা যায় গ্রামের নারীপুরুষরা আগ্রহ নিয়ে টিকা নিতে কেন্দ্রে আসেন। সেখানে যারা টিকা নিচ্ছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, শাহাদাত হোসেন চৌধুরী, ইয়াছিন হিরু ও অসীম কুমার দেব।

বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, গণটিকা কার্যক্রমে ইউনিয়নে টিকা প্রদান করা হয়েছে। এর আগে গ্রামের নারীপুরুষদের টিকা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করা হয়।

বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী জানান, করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ইউনিয়নের ৬শত নারীপুরুষকে টিকা প্রদান করা হয়েছে। যারা টিকা নিয়েছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর পক্ষ থেকে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা কেন্দ্রে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার । এসময় তঁারা টিকা গ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান, আনোয়ারায় ১১টি ইউনিয়নের ৬ হাজার ৬ শত জনকে একযোগে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকাদানের ক্ষেত্রে বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন