১৮ মার্চ ২০২৬

শ্রমিকদের সন্তানদের সুশিক্ষিত করতে বিজিএমইএ স্কুলের মান বৃদ্ধি করা হবে

বাংলাধারা প্রতিবেদন »

পোশাক শিল্প শ্রমিকদের সন্তানসহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের সুশিক্ষিত করার জন্য বিজিএমইএ স্কুলের শিক্ষার মান আরো বৃদ্ধি করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামস্থ বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির সভা সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রাকিব আল নাছের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক।

সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন- সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন কর্মকান্ডের মধ্যে পোশাক শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে পড়ালেখার জন্য বিগত ২০০৫ সাল থেকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় বিজিএমইএ স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত স্কুলে পোশাক শ্রমিকদের সন্তান ছাড়াও সামাজের দরিদ্র জনসাধারণের সন্তানরা যাতে আরো অধিক সংখ্যক হারে পড়াশুনার সুযোগ পায় সে’লক্ষ্যে স্কুলের জন্য নিজস্ব জায়গায় একটি স্থায়ী ক্যাম্পাস সহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। দরিদ্র জনসাধারণের মাঝে শিক্ষার আলো বিস্তার ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর পরিসরে স্থায়ী ক্যাম্পাসে স্কুলের কার্যক্রম পরিচালনায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী বলেন- পোশাক শিল্প শ্রমিকদের সন্তানসহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের সুশিক্ষিত করার জন্য বিজিএমইএ স্কুলের শিক্ষার মান আরো বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বক্তব্য রাখেন বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান সর্বজনাব এস.এম. মঞ্জুরুল হুদা চৌধুরী, সাদেকুর রহমান চৌধুরী, বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সর্বজনাব গাজী মোঃ শহিদুল্লাহ, এস.এম. ইলিয়াস চৌধুরী, আলহাজ্ব মোঃ আবু তাহের প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ স্কুল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ হাসান, মোর্শেদ কাদের চৌধুরী, মোঃ মঈনউদ্দিন নুর, ফাহাদ চৌধুরী।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন