বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় ট্রাফিক পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিক-মালিকরা।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম পিকআপ, মিনিট্রাক, সিএনজি, অটোটেম্পো মালিক-চালক ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আনোয়ার, ফেরদৌস, রবিউল, অটো বেলালসহ তাদের বাহিনী আকবর শাহ এলাকায় অবৈধ গাড়ি নামিয়ে পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করেছে। এই চক্রটি অবৈধ কারের লেন, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশার লেন চালু করে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ’র আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তাদের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন ট্রাফিক বিভাগ সোচ্চার হয়েছে, তখন তারা গত ১৩ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলা চালিয়েছে। যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
বক্তারা বলেন, পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে থাকা সুসম্পর্ক বিনষ্ট করতে এই চক্রটি সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মোটর শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি স্বপন বিশ্বাস, জাতীয় শ্রমিকলীগ কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মোটর শ্রমিক লীগ চট্টগ্রাম নগর শাখা সভাপতি আব্দুর রহমান।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় অনিয়মের কারণে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার সময় সিএমপি পশ্চিম জোনের পরিদর্শক (টিআই-শহর ও যানবাহন) মোস্তফা আল মামুনের ওপর চড়াও হয় কিছু পরিবহন শ্রমিক। একপর্যায়ে তার ওপর হামলা চালায় তারা। এ ঘটনায় একটি ভিডিও ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাধারা/এআই










