বিনোদন ডেস্ক »
আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যেখানে মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন বলে বিশেষ সূত্রের খবর।
গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদানও সম্পন্ন হয়। আজ সেই সনিকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন।
গতকাল হয়েছে মিমের গায়ে হলুদ। তবে মিমের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়নি কিছুই। এ বিষয়টি খোঁজ নিতে বার বার মিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও সম্ভব হয়নি। ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। দিচ্ছেন না এসএমএসের কোনো উত্তর।
তবে মিম না বললেও মিমের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার কারণে মিম সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন।
অনেকদিন ধরেই গুঞ্জন, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন মিম। কিন্তু বিয়ের বিষয়ে তখন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। পরে ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করে করে জন্মদিনে বাগদান সম্পন্ন করেন।
সেসময় মিম জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হলে সবাই রাজি হোন।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।












