২৬ মার্চ ২০২৬

রাত পোহালেই চট্টগ্রামের ২৪ ইউপিতে ভোট, মাঠে থাকছে ১৭ ম্যাজিস্ট্রেট

বাংলাধারা প্রতিবেদক »

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন বুধবার (৫ ডিসেম্বর)। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন, ‘তিন উপজেলায় ২৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া টহলে থাকবে বিজিবির সদস্যরা। আশা করছি আগের নির্বাচনগুলোর মতো এ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।’

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জানা গেছে, ২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোয়ালখালী উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জিসান বিন মাজেদ, মামনুন আহমেদ অনিক, মো. রাজীব হোসেন, আবু রায়হান, এসএমএন জামিউল হিকমা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, রাজিব চৌধুরী, শিরিণ আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান ও সুবল চাকমা।

চন্দনাইশ উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সজীব কান্তি রুদ্র, আশরাফুল আলম, মো. মাসুদ রানা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবমিলিয়ে ভোটার রয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন।

এবারের নির্বাচনে ২৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে আনোয়ার উপজেলার ১০ ইউনিয়নে ১ লাখ ৯৫ হাজার ৪৫০। এতে নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ এবং পুরুষ ১ লাখ ২৯১ জন। এই উপজেলায় মোট কেন্দ্র ৯২টি। এ ছাড়া বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন। এতে পুরুষ ভোটার ৬০ হাজার ২০ জন এবং নারী ৫৪ হাজার ৯৯৮ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৬৫টি।

চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার ৯৭ হাজার ৮১৫ জন। এতে পুরুষ ভোটার ৫১ হাজার ৫১৫ এবং নারী ৪৬ হাজার ৩০০ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৬৩টি।

বাংলাধারা/এএ

আরও পড়ুন