বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ১৯ মামলার আসামি ও দুর্ধর্ষ ছিনতাইকারী সাত্তার শাহ ওরফে ডিপজল (৪১) অস্ত্র, জাল টাকা ও ইয়াবা ট্যাবলেটসহ স্বস্ত্রীক গ্রেফতার হয়েছে। এসময় তার শরীর তল্লাশি করে ১টি এলজি, ১ রাউন্ড কার্তুজ এবং ৫টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
সোমবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ইপিজেড থানার আকমল আলী রোডস্থ খালপাড়ের পূর্ব পাশে জাহাঙ্গীরের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ ডিসেম্বর পতেঙ্গা থানার মাইজপাড়া শফি হাজীর ব্রিক ফিল্ডের সামনে পাকা রাস্তার ওপর ৩ জন ছিনতাইকারী মো. আসলাম নামের বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসারের টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। টাকার ব্যাগ কেড়ে নিতে না পেরে ধারালো ছোরা দিয়ে হাতের কব্জিতে একাধিক আঘাত করে। এতে তার দুই হাতের কব্জির রগ কেটে যায়। পরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন ৫ ডিসেম্বর বিকাশের পতেঙ্গা জোনের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো. কামরুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আফতাব উদ্দিন মজুমদার ঘটনাস্থলের আশপাশসহ প্রায় ৫ কি.মি. এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে ঘটনায় জড়িত ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী সাত্তার শাহ প্রকাশ ডিপজল ও তার সহযোগী অপর আসামি রাজু দেবনাথকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে ইপিজেড থানার আকমল আলী রোডস্থ খালপাড়ের পূর্ব পাশে জাহাঙ্গীরের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার আসামি রাজু দেবনাথের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-৯১০৭) উদ্ধার করা হয় এবং মোটরসাইকেল সরবরাহকারী আসামি আব্দুল্লাহ্ আল মারুফকে (২২) গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অপর আসামি রুবলকে গ্রেফতারের জন্য পটিয়া থানার ধারাজ অফিস এলাকায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করা যায়নি।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, আসামি ডিপজলের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১টি এলজি, ১ রাউন্ড কার্তুজ এবং ৫টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও তার বাসার প্লাস্টিকের ওয়ারড্রব তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেট বিক্রয়ে সহায়তা করায় ডিপজলের স্ত্রী রোজিনা বেগমকে (২৭) গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ইপিজেড থানায় পৃথক তিনটি এজাহার দায়ের করা হয় বলে জানান ওসি কবির হোসেন।
বাংলাধারা/এএ












