১৭ মার্চ ২০২৬

রোববার শুরু বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা

বোয়ালখালী প্রতিনিধি »

সূর্যপূজা উপলক্ষে মাঘ মাসের শুক্ল পক্ষের শেষ রোববার প্রতি বছরের ন্যায় এবছরও আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী শুরু হবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা।

প্রাচীনকাল থেকে জ্যৈষ্ঠপুরা গ্রামের কানুর দিঘীর পাড়ে বসে সূর্যব্রত মেলা। সূর্যব্রত উপলক্ষে বসা এ মেলা শিশু-কিশোর ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। অন্যান্য বছরের ন্যায় এবারও ব্যাপকভাবে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক বিভু দে।

তিনি বলেন, এ মেলায় পোড়া আলু, ঘরের আসবাবপত্র, গ্রামীণ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী ও তৈজসপত্রের জন্য বিখ্যাত। এছাড়া ঐতিহ্যবাহী এ মেলা গৃহস্থালী জিনিসপত্রের চাহিদা পূরণ করে আসছে প্রাচীনকাল থেকে। বছরের তিন দিন এ মেলাকে ঘিরে অত্র এলাকাসহ আশপাশের জেলা উপজেলা থেকে আসা মানুষজনের পদচারণায় মুখরিত হবে মেলা অঙ্গন।

মেলা কমিটির সভাপতি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, প্রাচীন এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন। নানান পসরা নিয়ে আসে ব্যবসায়ীরা। পাহাড়ি-বাঙালিসহ সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে এ মেলায়। কাল থেকে তিন দিনব্যাপী চলবে এ মেলা।

আরও পড়ুন