বাংলাধারা প্রতিবেদন »
দেশের টিভি নাটকে অনন্য অভিনেতার নাম আবদুন নূর সজল। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা এবার ‘আকাশ’ চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় তরুণ পরিচালক জিকু চৌধুরী নাটকে। নাটকটির নাম ‘মেঘলা আকাশ’।
সম্প্রতি ‘মেঘলা আকাশ’ শিরোনামের নাটকের নাম ভূমিকায় দৃশ্য ধারণে অংশ নেন তিনি। রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী নিজে। আবদুন নূর সজল ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য প্রমুখ। ইকন বাবুর প্রযোজনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির কাহিনী সংক্ষেপ; আকাশ হচ্ছে গল্পের নায়ক। একদিন আকাশ তার ভাবীর (রিমি) সাথে ভাবীর বান্ধবী মেঘলার বিয়েতে যায়, মেঘলা হচ্ছে গল্পের নায়িকা।

যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়, আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে, পরক্ষণে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না, আকাশের দাবি— ভাবীর মান-সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে, পরিবারের সবাই অনেক বুঝানোর চেষ্টা করার পরও আকাশ আর বুঝতে চায় না, আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে। এদিকে আকাশ আর মেঘলাকে একই রুমে রাখা হয়, আকাশ এবং মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দু’জন আলাদা আলাদা ভাবে একই রুমে থাকবে, এমন পরিস্থিতিতে মেঘলা আবার মানসিক ভাবে ভেঙে পড়েছে, এভাবে তাদের মধ্যে মান-অভিমান চলছে— এইভাবে গল্প এগোতে থাকে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মেঘলা আকাশ’ নাটকটি।
নির্মাতা জানান, ‘গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্ট’ পরিবেশিত নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

‘মেঘলা আকাশ’ নাটক প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, আমি সব সময় কাজকে ভালোবাসি। আর এ কারণেই নিজের খেয়াল-খুশি মতো কাজকেই প্রাধান্য দেই। অসম্ভব সুন্দর একটি গল্পে সুন্দর একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার সাথে এই নাটকে একাধিক নতুন মুখ কাজ করেছে। সহশিল্পীরাও অনেক সাপোর্ট দিয়েছেন। মেঘলা আকাশ নাটকটি সবদিক থেকে দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা রাখি।
পরিচালক জিকু চৌধুরী বলেন, ‘আমি সাধারণত একটু অন্য ধাঁচের ও গল্পের নাটক নির্মাণ করি। এটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি, দর্শকরা ভালো গল্পের একটি নাটক দেখতে পাবেন।’












