আলমগীর মানিক, রাঙামাটি »
রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতীয় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং এই ঘটনায় অন্তত তিনজন নিহত ও দুই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ১০টার সময় মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশের সময় কেচিং পাড়াস্থ গভীর অরন্যে উচুঁ পাহাড় থেকে উপজাতীয়দের অপর একটি স্থানীয় আঞ্চলিকদলের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। এসময় উভয় পক্ষই গোলাগুলিতে লিপ্ত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ঘটনা স্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। পরে উভয় পক্ষই বন্দুকযুদ্ধে মেতে উঠে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, নিহতরা হলো গোলাগুলির ঘটনায় জামছড়ির থাংকুই পাড়ার অং থোয়াই মার্মা (৪৫) নিহত হয়েছে বলে জানা যায়। তার পিতা নাম থুই খয় মিঙ মার্মা। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিল বলেও জানা গেছে।
এদিকে রাজস্থলীর ২নং গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা জানিয়েছেন, আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় এবং সেটি বান্দরবান সীমানায় পড়েছে। আমার ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।












