৩১ অক্টোবর ২০২৬

অনলাইন প্রতারণা ঠেকাতে সিএমপির নতুন প্ল্যাটফর্ম— ‘সাইবার রেসপন্স সেন্টার’

অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত সহায়তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে চালু হলো ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’।

নাগরিকদের সাইবার নিরাপত্তা জোরদার ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সোমবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

সকাল ১০টা ৪৫ মিনিটে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে সেন্টারটির কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, এই সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাকিং, ফেইক আইডি, ডিজিটাল হয়রানি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযোগের ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, সাইবার অপরাধের ঘটনায় স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা প্রদান করা হবে।

একইসঙ্গে পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদ ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করতে পরামর্শ দেওয়া হবে।

প্রয়োজনে ভুক্তভোগীদের সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা কার্যক্রম পরিচালনা করবে এই সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নাগরিকদের দ্রুত সহায়তা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন