চট্টগ্রামের মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, বিগত ১৬ বছর মিথ্যা মামলা ও মিথ্যা স্বাক্ষীর ছড়াছড়ি ছিল। এখন যেন কোনো নিরপরাধ ব্যক্তি মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৬ মে) উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বলেন, অতীতে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি চোরাচালান, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ভারত থেকে চোরাই গরুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাও উল্লেখ করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় এমপি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে মাদক বড় কারণ। মিরসরাইয়ে মাদকের অবস্থা ভয়াবহ।’
এ সময় তিনি দুই থানার ওসিকে সপ্তাহে অন্তত একদিন মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি, অনিয়ম, অতিরিক্ত ফি আদায়, তেল চুরি ও প্রশাসনিক চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।














