চট্টগ্রাম নগরীতে জীবন বাঁচানোর প্রতীক অ্যাম্বুলেন্স এবার হয়ে উঠল মাদক পাচারের বাহন— যা নগরবাসীর মধ্যে বিস্ময় ও উদ্বেগের জন্ম দিয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর পাথরঘাটা এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালির ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর। এসময় সন্দেহজনক অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালালে মাদকের এই বিশাল চালান উদ্ধার করা হয়। অভিযানে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী অ্যাম্বুলেন্সটি বিশেষ কৌশলে ইয়াবা পাচারে ব্যবহার করা হচ্ছিল। সবচেয়ে বিস্ময়কর বিষয়— অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব পদ্ধতিতে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সহজে ধরা না পড়ে।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও তার সহযোগী মো. আফসারকে (৩৩) আটক করা হয়েছে। তারা দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীরা দিন দিন নতুন নতুন কৌশল ব্যবহার করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে এসব প্রতিরোধে।














