বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সোমবার সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকের একটি শাখায় তালা দেন। পরে পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শাখাগুলোতেও তালা ঝোলানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন। তাঁদের কণ্ঠে শোনা যায়—“আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়”, “তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী”, “হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না”, “আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না”। পরে তারা আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
গ্লোবাল ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখার আমানতকারী জয়া চৌধুরী বলেন, “আমি কোনো হেয়ার কাট মানি না। আমাদের টাকা পুরোটা ফেরত দিতে হবে।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমার প্রায় এক কোটি টাকা জমা আছে। এখন আমি কার্যত পথে বসে গেছি।”
আন্দোলনকারীরা জানান, আমানত ফেরতের দাবিতে তারা ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। তাতেও সুরাহা না হওয়ায় এখন শাখায় শাখায় তালা ঝোলানোর কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি আদায় না হলে সামনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।












