২৪ অক্টোবর ২০২৬

আদালত চত্বরে কালো পতাকা মিছিল আওয়ামীপন্থী আইনজীবীদের

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আদালত চত্বরে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা ‘ভুয়া নির্বাচন’, ‘অটো নির্বাচন’ ও ‘ভোটবিহীন নির্বাচন মানি না’— এমন নানা স্লোগান দেন। তারা অভিযোগ করেন, আইনজীবীদের মতামত উপেক্ষা করে একটি পক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নির্বাচন পরিচালনার চেষ্টা করছে।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা একতরফা কমিটি গঠনের নজির ছিল না। এমনকি করোনাকালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার নির্বাচন কমিশন একটি ‌‌‘পাতানো ও তামাশার নির্বাচন’ আয়োজনের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ দিদার উদ্দীন বলেন, ‘বর্তমান নির্বাচন প্রক্রিয়া সমিতির গণতান্ত্রিক ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। আইনজীবীদের বড় একটি অংশ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জামায়াতপন্থী আইনজীবীরাও ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।’

সভাপতি পদপ্রার্থী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ অভিযোগ করেন, ‘বর্তমান কমিটি জবরদখলের মাধ্যমে সমিতির নিয়ন্ত্রণ নিয়েছে। নিজেদের অনুগত নির্বাচন কমিশন গঠন করে তারাই আবার কমিটি ঘোষণা করেছে। আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলেও বাধার মুখে পড়েছি।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগে আমরা কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরে একই সময় ও স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। তবে শত শত আইনজীবীর উপস্থিতিতে আমাদের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ